কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে মুশফিকুর রহিম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে নাছির উদ্দীনের ঘরে হাঁটুপানি এবং উঠানে কোমরসমান পানি জমে ছিল। এ সময় শিশুটিকে ঘরে রেখে বাইরে কাজ করছিলেন তার মা। একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায় এবং স্রোতের সঙ্গে ভেসে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় ১২০ ফুট দূরে শিশুটিকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।