সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে মেঘাই নৌবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঘোড়া জবাই ও মাংস পরিবহনের অভিযোগে কাউসার আলী পলাশ (৩৫) ও শরিফুল ইসলাম (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। তারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের বাসিন্দা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী তাদের দুই মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানায়, আটটি ঘোড়া জবাই করে ১১টি বস্তায় ভরে ট্রাকে করে মাংস গাজীপুরে নেওয়া হচ্ছিল। পরে জব্দ করা মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
অভিযানে প্রাণিসম্পদ বিভাগ, পুলিশ ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।