Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / বিএনপি নেতার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ - Chief TV

বিএনপি নেতার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ - Chief TV

2026-02-26  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  194 views
বিএনপি নেতার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ - Chief TV

নওগাঁর বদলগাছীতে ওএমএসের চাল বিতরণ নিয়ে বিতর্কিত বক্তব্যের অডিও ভাইরাল হওয়ার ঘটনায় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আনোয়ার হোসেনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আনোয়ার হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নে সরকারের ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির (ওএমএস) ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগ রয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে মিঠাপুর বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও স্বাক্ষর নিলেও তাদের চাল না দিতে এবং চাল চাইলে মারধর ও গালিগালাজ করতে।

তার এ বক্তব্যের একটি অডিও ক্লিপ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে উপজেলা বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Share: