Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / বাসা ভাড়া নিয়ে বিরোধে ‘মারধর’, প্রাণ গেল ব্যবসায়ীর - Chief TV

বাসা ভাড়া নিয়ে বিরোধে ‘মারধর’, প্রাণ গেল ব্যবসায়ীর - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  30 views
বাসা ভাড়া নিয়ে বিরোধে ‘মারধর’, প্রাণ গেল ব্যবসায়ীর - Chief TV
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। নিহত স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। তার স্ত্রী-সন্তান নেই বলে জানিয়েছে পরিবার।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, বরাদ্দ পাওয়া বাসার ভাড়া নিতে রিজভী নামে এক ব্যক্তি আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি না আসায় তাকে ফোন করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। পরে কল ব্যাক করে গালাগালি করেন বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে ভোরের দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে সঙ্গে নিয়ে বাসায় আসেন। এ সময় বাসা ভাড়ার বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তারা সেলিম ও স্বপনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারা হয় এবং ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

পরে অভিযুক্ত দুজনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের সময় ধাক্কা দেওয়ার পর স্বপন পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share: