Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / সৈয়দপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Chief TV

সৈয়দপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Chief TV

2026-01-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  134 views
সৈয়দপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তারের বিরুদ্ধে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ, বাণিজ্য শাখার শিক্ষক দিয়ে বিজ্ঞান শাখার ক্লাস করানো এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক শিল্পী আক্তার বিদ্যালয়ে নিজের প্রভাব-প্রতিপত্তি দেখান এবং শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করেন। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক দিয়ে বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্লাস করানো হয়। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা প্রতিবাদে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে অংশ নেবেন না এবং ঝুলিয়ে দেওয়া তালা খোলা হবে না বলেও জানান শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী নাদিরা চৌধুরী বলেন, বিজ্ঞান শাখার পদার্থ ও রসায়ন বিষয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক দিয়ে ক্লাস করানো হয়, ফলে তাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। অথচ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক রয়েছেন। তাঁদের দিয়ে ক্লাস না করিয়ে নিজের পছন্দের শিক্ষক দিয়ে পাঠদান করানো হয়। এ বিষয়ে প্রধান শিক্ষককে জানালে তিনি উল্টো শিক্ষার্থীদের গালিগালাজ করেন এবং ফেল করানোর হুমকি দেন।

এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিজের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহার করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শিল্পী আক্তার বলেন, তাঁকে নিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। তারাই শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শিক্ষার্থীরা যদি তাঁকে না চায়, তবে তিনি বিদ্যালয় ছেড়ে চলে যাবেন।


Share: