Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / সালমান শাহ'র কবর থেকে লাশ তোলার নির্দেশ - Chief TV

সালমান শাহ'র কবর থেকে লাশ তোলার নির্দেশ - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  27 views
সালমান শাহ'র কবর থেকে লাশ তোলার নির্দেশ - Chief TV

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আদালত। প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ উত্তোলন করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম শেষ হওয়ার পর কবর থেকে মরদেহ তুলে নতুন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে অসুস্থ অবস্থায় সালমান শাহকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। সে সময় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছিল।

তবে দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহ উত্থাপিত হয়ে আসছিল। গত বছরের ২০ অক্টোবর আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নতুন তদন্ত প্রয়োজন।

আদালতের সাম্প্রতিক এই নির্দেশের ফলে বহু বছর ধরে আলোচিত ও বিতর্কিত সালমান শাহ মৃত্যুরহস্য তদন্তে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন পুনর্ময়নাতদন্ত ও পরবর্তী তদন্ত কার্যক্রমে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সবার।


Share: