Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ - Chief TV

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  158 views
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ - Chief TV

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

ডিপিই সূত্র জানায়, পরীক্ষার্থীরা www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বরের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪০৮টি কেন্দ্রের মাধ্যমে আয়োজিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। সে হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ফলাফল প্রস্তুতের কাজ দুদিন আগেই শেষ হলেও প্রশ্নফাঁস ও অনিয়ম সংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাইয়ের কারণে প্রকাশে কিছুটা বিলম্ব হয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও কারিগরি যাচাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হয়।

অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ফল প্রকাশে আর কোনো বাধা ছিল না।

এদিকে প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে চূড়ান্ত অবস্থান জানিয়েছে ডিপিই। বুধবার বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্তে প্রশ্নফাঁসের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসকদের সরাসরি তত্ত্বাবধান, মন্ত্রণালয়ের মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

তবে পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভুয়া প্রশ্নপত্র সরবরাহের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Share: