Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ডিভাইসসহ ১৮ আটক - Chief TV

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ডিভাইসসহ ১৮ আটক - Chief TV

2026-01-09  ডেস্ক রিপোর্ট  125 views
প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ডিভাইসসহ ১৮ আটক - Chief TV

দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ ১৮ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত ১১টি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটক পরীক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, জেলার ৪৫টি পরীক্ষাকেন্দ্রে মোট ৩৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন। গোয়েন্দা সূত্রে আগে থেকেই পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের তথ্য পাওয়া গিয়েছিল। সে অনুযায়ী কয়েক দিন ধরেই নজরদারি চালানো হয়।

তিনি আরও বলেন, অপরাধ সংঘটনের আগে আটক করলে বিষয়টি প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। তাই উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা হয়। ইতোমধ্যে এই চক্রের মূল হোতাকেও শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। পুরো চক্রটিকেই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ (বিএম) থেকে ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে ১ জন, জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মিউনিসিপাল হাই স্কুল থেকে ১ জন, নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ১ জন পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়।


Share: