নওগাঁর মান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫” বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আচরণবিধি রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান
উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চস্বরে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে।
অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”
প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং নির্বাচনী প্রচারণায় একটি সুশৃঙ্খল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।
একই সঙ্গে তিনি সবাইকে “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫” বিস্তারিতভাবে পড়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার আহ্বান জানান।