Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পানি ভেবে অ্যাসিড পান, ভারতে তরুণী গুরুতর অসুস্থ - Chief TV

পানি ভেবে অ্যাসিড পান, ভারতে তরুণী গুরুতর অসুস্থ - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  45 views
পানি ভেবে অ্যাসিড পান, ভারতে তরুণী গুরুতর অসুস্থ - Chief TV

ভারতের উত্তরপ্রদেশের হাপুরে একটি গয়নার দোকানে পানি ভেবে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক তরুণী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় হাপুরের অর্জুন নগর এলাকার একটি গয়নার দোকানে যান ওই তরুণী। তৃষ্ণার্ত হয়ে তিনি দোকান মালিকের কাছে পানি চাইলে এক কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকান থেকে বোতলজাত পানি আনতে পাঠানো হয়।

কর্মচারী একটি সিল করা বোতল এনে দিলে তরুণী সেটি থেকে এক চুমুক পান করেন। এরপরই তার গলায় তীব্র জ্বালাপোড়া শুরু হয়। পরে জানা যায়, বোতলটিতে পানি নয়, ছিল অ্যাসিড।

অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনার পর পুলিশ মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার দাবি, তিনি ফ্রিজ থেকে একটি সিল করা পানির বোতলই দিয়েছিলেন। তবে ওই বোতলে কীভাবে অ্যাসিড এলো, তা তিনি জানেন না।

পুলিশ মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অ্যাসিডভর্তি বোতল উদ্ধার করেছে। পাশাপাশি গয়নার দোকানের মালিকের সঙ্গেও কথা বলছে তদন্তকারী কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দোকানে বসে থাকা তরুণী বোতল থেকে এক চুমুক পান করার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ছটফট করতে করতে দোকানের বাইরে চলে যান। উপস্থিত লোকজন তাকে সহায়তার চেষ্টা করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।


Share: