Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরে তরুণদের নেতৃত্ব জোরদারে সিলেটে কর্মশালা - Chief TV

ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরে তরুণদের নেতৃত্ব জোরদারে সিলেটে কর্মশালা - Chief TV

2026-06-17  ডেস্ক রিপোর্ট  27 views
ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরে তরুণদের নেতৃত্ব জোরদারে সিলেটে কর্মশালা - Chief TV

বাংলাদেশে ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘Youth for Just Energy Transition (Y-JET): Powering Tomorrow’s Energy’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে এ কর্মশালার আয়োজন করে Young Climate Action Network (YOUCAN) ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (POHUS)। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে The EARTH Society-এর জাতীয় যুব প্ল্যাটফর্ম Youth for CARE।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, যুব সংগঠন ও সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের প্রতিনিধিত্বকারী ৩০ জন তরুণ অংশ নেন।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরতার কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের সময় পার করছে। বিশেষ করে সিলেট অঞ্চলে ডিজেলনির্ভর কৃষি, বাড়তি জ্বালানি ব্যয় এবং পরিচ্ছন্ন জ্বালানির সীমিত প্রবেশাধিকার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে তুলছে। এ পরিস্থিতিতে ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরকে সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের অপরিহার্য ভিত্তি হিসেবে তুলে ধরা হয়।

whatsapp-image-2026-06-17-at-114124-pm.jpeg

উদ্বোধনী অনুষ্ঠানে YOUCAN-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের তরুণ প্রজন্ম। ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে নীতিনির্ধারণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে তরুণদের অংশীদার হিসেবে যুক্ত করতে হবে।’

বিশেষ বক্তব্যে POHUS-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কাশ্মীর রেজা বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জন্য পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির প্রসার শুধু পরিবেশের বিষয় নয়; এটি জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও জড়িত। স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের নেতৃত্ব ছাড়া এই রূপান্তর টেকসই হবে না।’

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় জ্বালানি ব্যবস্থার বাস্তবতা বিশ্লেষণ, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সম্ভাব্য সমাধান উদ্ভাবনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। অংশগ্রহণমূলক ম্যাপিং, দলীয় আলোচনা ও সমস্যা বিশ্লেষণের মাধ্যমে তাঁরা নিজ নিজ এলাকার জন্য বিভিন্ন উদ্যোগের প্রস্তাবও উপস্থাপন করেন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ‘Powering Tomorrow: Policy, Innovation and Youth Leadership for a Just Energy Transition’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে সঞ্চালনা করেন যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুক্তারুন ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহাদ উল্লাহ, কাশ্মীর রেজা, The EARTH Society-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নাশিয়া নাফিস।

আলোচকেরা বলেন, ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, সুশীল সমাজ, স্থানীয় সরকার ও তরুণদের মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তোলার বিকল্প নেই।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ‘জ্বালানি রূপান্তর শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়; এটি মানুষের অধিকার, সমতা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, তরুণদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, গবেষণা, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি যুবনেতৃত্বাধীন এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

অংশগ্রহণকারী আকবর আহমেদ অয়ন বলেন, ‘এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মশালা নয়, বরং বাস্তব সমস্যাকে নতুনভাবে দেখার এবং সমাধান নিয়ে ভাবার একটি সুযোগ। আমরা নিজ নিজ এলাকায় এই শিক্ষার প্রয়োগে কাজ করব।’

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, স্থানীয় পর্যায়ে জ্বালানি শাসনব্যবস্থা শক্তিশালী করা এবং নীতিনির্ধারণে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কর্মশালায় প্রণীত সুপারিশ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।


Share: