Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / নওগাঁয় পূর্ববিরোধে পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম - Chief TV

নওগাঁয় পূর্ববিরোধে পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম - Chief TV

2026-01-28  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  130 views
নওগাঁয় পূর্ববিরোধে পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম - Chief TV

নওগাঁতে দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে গুরুতরভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

এজাহার অনুযায়ী, আহত শিক্ষার্থী মো. কাওসার (১৮) নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র। তিনি আরজি নওগাঁ গ্রামের হাসিনা ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে বড় ভাই-ছোট ভাইকে সম্মান দেওয়া নিয়ে তার সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কাওসার খাবার নিতে ছাত্রাবাসের নিচে নামলে, পাশের রাস্তায় তাঁকে এবং তাঁর বড় ভাই মো. সিদরাতুল মুনতাহা সান (২১) কে ঘিরে ধরে অভিযুক্তরা। অভিযোগে বলা হয়েছে, তারা লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু ও বড় ছুরিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে দুজনকে মারধর শুরু করে।

একপর্যায়ে মো. কাওসারের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার পেটের বাম পাশে গুরুতর জখম হয় এবং নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। বড় ভাই সান তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও সহপাঠীরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাওসারের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

অভিযোগকারীর বাবা মো. রেজাউল করিম দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Share: