নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁপুর পীরগঞ্জ বাজারে অবস্থিত নাদিম টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ এক কিশোর চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৫ জানুয়ারি খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাফিউল করিম প্রতিদিনের মতো রাত আনুমানিক ৮টার দিকে তার ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়ি ফেরেন। পরদিন ১৬ জানুয়ারি সকাল প্রায় ৭টার দিকে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ফোন পেয়ে তিনি জানতে পারেন, তার দোকানের তালা ভেঙে ভেতরে থাকা মালামাল চুরি করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই ব্যবসায়ী মো. সাফিউল করিম মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহাদেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়।
চুরির ঘটনার পরপরই মামলার বাদী প্রাপ্ত তথ্য পুলিশ সুপারকে মোবাইল ফোনে অবহিত করেন। মামলা দায়েরের সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার সাফিউল সারোয়ারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার গভীর বিশ্লেষণ চালানো হয়।
তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শীতের টুপি ও বিশেষ পোশাক পরিহিত এক সন্দেহভাজন চোরের ছবি সংগ্রহ করা সম্ভব হয়। পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। এতে এনায়েতপুরের কালুশহর এলাকার বাসিন্দা রাব্বি হোসেন (১৩)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
এরপর পুলিশ রাব্বি হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে পার্শ্ববর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কিশোরটি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং সে অত্যন্ত কৌশলী ও চতুর প্রকৃতির। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।