ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের একটি আবাসিক এলাকার ড্রেন থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি কাইম্যান উদ্ধার করা হয়েছে। অপ্রত্যাশিত এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যম জানায়, কারাকাসের লা লাগুনিটা এলাকায় একটি সরু কংক্রিটের ড্রেনের ভেতরে কুমিরজাতীয় প্রাণীটি আটকে ছিল। এটি একটি সড়কের পাশে পার্ক করা গাড়ির কাছাকাছি অবস্থান করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশ ও উদ্ধারকারী সংস্থাকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কাইম্যানটির কাছে যাওয়ার চেষ্টা করলে এটি আক্রমণাত্মক আচরণ করে এবং মুখ খুলে দাঁত বের করে সতর্ক সংকেত দেয়। এতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
জরুরি সেবাকর্মীরা প্রথমে ফোনে পাওয়া তথ্যকে গুরুত্ব দিতে পারেননি। তবে ঘটনাস্থলে পৌঁছে ড্রেনের ভেতরে বিশাল আকৃতির কাইম্যানটি দেখতে পান তারা। পরে বিশেষ জাল, দড়ি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হয়।
দীর্ঘ চেষ্টার পর প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয় থেকে দূরের একটি উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করলেও আবাসিক এলাকায় কীভাবে কাইম্যানটি চলে এলো, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।