Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  27 views
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফর ঘিরে দক্ষিণাঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদীঘি খালের পাশেও বৃক্ষরোপণ করবেন তিনি। পরে বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত কয়েক দিন ধরে বরিশালে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কোনো ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ড স্থাপন করা হয়নি। সরকারপ্রধানের সফর ঘিরে এমন দৃশ্য বরিশালে এবারই প্রথম দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমিকে সাজানো হয়েছে নতুনভাবে। সফরস্থলগুলো নিয়মিত পরিদর্শন করছেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।
 
বরিশালবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। তিনি জানান, বরিশালের উন্নয়ন প্রকল্প, ছয় লেন সড়ক, রেললাইন ও ভোলা-বরিশাল সেতুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও প্রধানমন্ত্রী অবগত আছেন।

 

Share: