Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২.৭১ শতাংশই ফেল - Chief TV

ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২.৭১ শতাংশই ফেল - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  193 views
ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯২.৭১ শতাংশই ফেল - Chief TV

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট—যা সাধারণভাবে ‘বি’ ইউনিট নামে পরিচিত—এর আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর এই ইউনিটে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। শাখাভিত্তিক উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া অনিয়মের কারণে ৫ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলাফল অনুযায়ী মোট ৯২ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা তালিকায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ পাওয়া যাবে। পাশাপাশি গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে DU ALS <রোল নম্বর> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে একই সময়ের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।


Share: