Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন- Chief TV

চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন- Chief TV

2025-11-04  ডেস্ক রিপোর্ট  212 views
চাঁদপুরে বিএনপি নেতা হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন- Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষোভে ফেটে পড়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নান সমর্থিত নেতাকর্মীরা। তারা মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে তারা একই কর্মসূচি শুরু করেন, যা মধ্যরাত পর্যন্ত চলে।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর-৪ আসনে দলের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংক বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। এ ঘোষণার পরপরই এম. এ. হান্নানের অনুসারীরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলীয় দুর্দিনে মামলা-হামলা ও নিপীড়নের মধ্যেও এম. এ. হান্নান নেতাকর্মীদের পাশে ছিলেন, তাই তাকে মনোনয়ন না দেওয়া তৃণমূলের সঙ্গে অবিচার। তাদের দাবি, কেন্দ্রীয় নেতারা যেন মনোনয়ন পুনর্বিবেচনা করে হান্নানকেই প্রার্থী ঘোষণা করেন।

বিক্ষোভকারীদের ভাষায়,

“আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক আলহাজ এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।”

তারা আরও হুঁশিয়ারি দেন,

“লায়ন হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে এম. এ. হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না দিলে আন্দোলন অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন,

“বিএনপির একটি গ্রুপ টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেছে। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে, এবং পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।”

বর্তমানে বিক্ষোভকারীদের একটি অংশ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন বলে জানা গেছে।


Share: