জয়ী প্রার্থীদের বিরুদ্ধে বিচারাধীন মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন থাকায় এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চট্টগ্রাম-৪ আসন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
চট্টগ্রাম-২ আসন
একইভাবে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন। কিন্তু মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এ আসনের ফলাফলও প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কমিশন।
শেরপুর-২ আসন
সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্ভূত)–এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফল মামলার চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল থাকবে বলে ইসি জানিয়েছে।
সার্বিকভাবে, সংশ্লিষ্ট মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উল্লিখিত তিনটি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না।