Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দিলেন জয়শঙ্কর - Chief TV

তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দিলেন জয়শঙ্কর - Chief TV

2025-12-31  ডেস্ক রিপোর্ট  223 views
তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দিলেন জয়শঙ্কর - Chief TV

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ড. জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনার বার্তা তুলে দেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জড়ো হন।

জানাজার আগে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৩ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


Share: