Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / রুক্মিণীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ - Chief TV

রুক্মিণীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ - Chief TV

2026-06-21  আন্তর্জাতিক ডেস্ক  78 views
রুক্মিণীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ - Chief TV

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেত্রী রুক্মিণী বসন্তকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড ভুয়া কনটেন্ট তৈরি ও শেয়ার করার অভিযোগে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। অনুমতি ছাড়া নিজের বিকৃত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার পর এই কন্নড় অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ব্যবস্থা নেয়।

কন্নড় সিনেমার উদীয়মান তারকা রুক্মিণী ‘সপ্ত সাগরাদাঁচে এল্লো’ এবং ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। সম্প্রতি তার কিছু বিকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে মিথ্যা দাবি করা হয় যে, এগুলো একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য। অভিযোগে রুক্মিণী উল্লেখ করেন, এই কনটেন্টগুলো অত্যন্ত মানহানিকর এবং এগুলো তার ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

গ্রেফতারকৃত তিন অভিযুক্ত হলেন— বাগলকোট জেলার রবিকুমার (২৪), শিবমোগার বাসিন্দা চন্দ্রকান্ত (৩৩) এবং বেঙ্গালুরুর বাসিন্দা রঞ্জিত (২৫)। পুলিশ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে, যা এই ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানোর কাজে ব্যবহার করা হয়েছিল। তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুয়া ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই রুক্মিণী বসন্ত এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতি দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং একে তার গোপনীয়তার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছিলেন।

বর্তমানে রুক্মিণী বসন্তের হাতে বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। তাকে সুপারস্টার যশের বিপরীতে ‘টক্সিক’ এবং জুনিয়র এনটিআর-এর সঙ্গে প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ চলচ্চিত্রে দেখা যাবে। এছাড়া ধানুশের আসন্ন চলচ্চিত্রেও তিনি অভিনয় করছেন বলে জানা গেছে।


Share: