Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / পুকুর থেকে পিস্তল-গুলিসহ দুই শতাধিক অস্ত্র উদ্ধার - Chief TV

পুকুর থেকে পিস্তল-গুলিসহ দুই শতাধিক অস্ত্র উদ্ধার - Chief TV

2026-02-08  ডেস্ক রিপোর্ট  134 views
পুকুর থেকে পিস্তল-গুলিসহ দুই শতাধিক অস্ত্র উদ্ধার - Chief TV

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের পাশে আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনী পুকুরের পানিতে ডুবিয়ে রাখা স্কচটেপে মোড়ানো চারটি পিস্তল, ১৮ রাউন্ড গুলি এবং দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন। তিনি জানান, এসব অস্ত্র নির্বাচনের দিনে ব্যবহার করার পরিকল্পনা ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই পুকুরে অবৈধ অস্ত্র রাখা হয়েছে। পরে ফায়ার সার্ভিস, র‍্যাব, বিজিবি ও পুলিশের সহযোগিতায় আমরা সকালে যৌথ অভিযানে যাই। পুকুরের গভীরতা ছিল প্রায় পাঁচ ফুট। শ্যালো ইঞ্জিন ব্যবহার করে দেড় থেকে দুই ফুট পানি অপসারণের পর বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় চারটি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো থেকে চারটি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, দুইটি কাটা পাইপগান এবং চায়নিজ কুড়াল, ছোট-বড় ছেনদা, বল্লম, ছোট-বড় ছুরি, বর্শার মাথা, টেঁটা সহ দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও পাঁচটি খালি কাচের মদের বোতলও পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “অস্ত্রগুলো কোনো থানার লুট হওয়া নাকি চোরাই পথে এসেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। যারা অস্ত্রগুলো পুকুরে রেখেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: