Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / পিতা-মাতার ভরণ-পোষণ না দিলে যে শাস্তি মিলবে - Chief TV

পিতা-মাতার ভরণ-পোষণ না দিলে যে শাস্তি মিলবে - Chief TV

2026-07-02  ডেস্ক রিপোর্ট  64 views
পিতা-মাতার ভরণ-পোষণ না দিলে যে শাস্তি মিলবে - Chief TV

পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা প্রত্যেক সন্তানের আইনগত দায়িত্ব। এ দায়িত্ব পালনে অবহেলা করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’-এ।

আইন অনুযায়ী, ‘পিতা’ বলতে সন্তানের জনক এবং ‘মাতা’ বলতে গর্ভধারিণীকে বোঝানো হয়েছে। ভরণ-পোষণের মধ্যে খাবার, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং সঙ্গ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। আইনের ৩ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে অবশ্যই পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এ দায়িত্ব ভাগ করে পালন করবে।

এছাড়া পিতা-মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাস বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। সন্তানকে নিয়মিতভাবে তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ রাখতে হবে এবং আলাদাভাবে বসবাস করলে আয় অনুযায়ী নিয়মিত অর্থ প্রদান করতে হবে।

আইনের ৪ ধারায় বলা হয়েছে, পিতার অনুপস্থিতিতে দাদা-দাদি এবং মাতার অনুপস্থিতিতে নানা-নানির ভরণ-পোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর বর্তাবে।

৫(১) ধারায় বলা হয়েছে, এসব বিধান লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে।

একই আইনের ৫(২) ধারায় বলা হয়েছে, পরিবারের অন্য কোনো সদস্য যদি এই দায়িত্ব পালনে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাহলে তিনিও একই দণ্ডে দণ্ডিত হবেন।

আইন বিশেষজ্ঞদের মতে, এই আইন বাংলাদেশের পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসাইন বলেন, এ আইন সন্তানদের জন্য পিতা-মাতার ভরণ-পোষণ বাধ্যতামূলক করে পারিবারিক বন্ধনকে আইনি সুরক্ষা দিয়েছে।

তিনি আরও বলেন, দাদা-দাদি ও নানা-নানির ভরণ-পোষণ অন্তর্ভুক্ত করে তিন প্রজন্মের দায়িত্ব নিশ্চিত করা হয়েছে, যা পারিবারিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আইনের ৮ ধারায় পারিবারিক বিরোধ আপোষ-মীমাংসার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ২০২৩ সালের বিধিমালায় ভরণ-পোষণ তহবিল ও পরিচর্যাকেন্দ্র গঠনের বিধান যুক্ত করা হয়েছে, যা অসহায় প্রবীণদের জন্য সহায়ক হবে।


Share: