Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান- Chief TV

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান- Chief TV

2025-10-24  ডেস্ক রিপোর্ট  202 views
নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান- Chief TV

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন,

“খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”

জাতীয় নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,

“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন,

“আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা চাই তিনি নির্বাচনে অংশ নিন।”

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,

“এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি ও এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

আরপিও সংশোধনের প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,

“জোটভুক্ত হলে দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।”


Share: