Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার - Chief TV

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার - Chief TV

2026-01-29  ডেস্ক রিপোর্ট  135 views
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার - Chief TV

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের চার দিন পর জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলখাঁড় গ্রামের বাইন্না পুকুর থেকে শরীরে সাতটি ইট বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দপ্তরি বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত রবিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে নাঙ্গলকোটের উদ্দেশ্যে বের হন। এরপর আর ফিরে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে সোমবার স্ত্রী রাশেদা বেগম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দৌলখাঁড় গ্রামের একটি নির্জন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীরে ইট বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীর আলমকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, নিহতের অটোরিকশাটিও নিখোঁজ রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ