Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / ‘মৃত’ ঘোষণা করে হয়েছিল জানাজা, অবশেষে শুরু হলো সড়ক সংস্কার - Chief TV

‘মৃত’ ঘোষণা করে হয়েছিল জানাজা, অবশেষে শুরু হলো সড়ক সংস্কার - Chief TV

2026-07-13  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  24 views
‘মৃত’ ঘোষণা করে হয়েছিল জানাজা, অবশেষে শুরু হলো সড়ক সংস্কার - Chief TV
দীর্ঘ কয়েক বছর ধরে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকা রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কের অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় সাতমাথা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

এই সড়কের দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনের অংশ হিসেবে একপর্যায়ে সড়কটিকে ‘মৃত’ ঘোষণা করে প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া সড়কে গাছের চারা রোপণ, চোখ বেঁধে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করা হয়েছিল।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা।

প্রকল্পের আওতায় সড়কে কার্পেটিং, আরসিসি (RCC) রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কের সংস্কার কাজের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, কাজটি শেষ হলে যানজট ও চলাচলের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে এবং নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।
 
একই সঙ্গে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে কঠোর তদারকির অনুরোধ করেন।

উদ্বোধন শেষে রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। দায়িত্ব গ্রহণের পর আমরা সড়কটির উন্নয়নে উদ্যোগ নিই। এটি শুধু একটি সড়ক সংস্কার প্রকল্প নয়; বরং আধুনিক নগর অবকাঠামো নির্মাণের একটি উদাহরণ।
 
এখানে আরসিসি ড্রেন, উন্নত ফুটপাত, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল ও স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। কাজ শেষ হলে এটি রংপুর সিটি করপোরেশনের অন্যতম পরিপূর্ণ ও পরিচ্ছন্ন সড়কে পরিণত হবে। ভবিষ্যতে এই মডেল অনুসরণ করে নগরীর অন্যান্য সড়কেরও উন্নয়ন করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান ও আরিফ আহমেদ।
 
এছাড়া বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share: