Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / কাফনের কাপড় বেঁধে ‘ঝটিকা মিছিল’ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ- Chief TV

কাফনের কাপড় বেঁধে ‘ঝটিকা মিছিল’ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ- Chief TV

2025-11-09  ডেস্ক রিপোর্ট  311 views
কাফনের কাপড় বেঁধে ‘ঝটিকা মিছিল’ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ- Chief TV

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কাফনের কাপড় জড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগানে একটি ঝটিকা মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজারে এসে শেষ হয়। ভিডিওতে দেখা গেছে, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

মিছিলে প্রায় ৪৫ থেকে ৫০ জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদা মিছিলের নেতৃত্ব দেন। চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, ১৩ তারিখে লকডাউন সফল হোক, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

মিছলের পর জায়েদ প্যাদা তার ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেন, “অনেক দিন পর আবার রাজপথে”। পরে ভিডিওটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 


Share: