Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক - Chief TV

ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক - Chief TV

2026-06-11  ডেস্ক রিপোর্ট  120 views
ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক - Chief TV
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
 
আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠককালে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের বহুমুখী অবদান এবং বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে ডেনমার্ক থেকে উন্নত মানের ঔষধ আমদানির ইতিবাচক ভূমিকা নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
 
দুই দেশের পারস্পরিক দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ওপর ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে বলে উভয় পক্ষই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
 
নেতৃবৃন্দ মনে করেন, এই অংশীদারিত্ব দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি টেকসই উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। বৈঠককালে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ ও সফল বাস্তবায়ন দেখতে তার দেশের বিশেষ আগ্রহ ও প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ডেনিশ দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি. কার্লসেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আলী আহমাদ মাবরুর।

Share: