কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০), তিনি ঐ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তাঁর ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে জুবায়ের ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।