Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু - Chief TV

বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  205 views
বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু - Chief TV

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বিস্ফোরণটি ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ভোররাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটির ধ্বংসাবশেষের কাছাকাছি একটি যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে বিস্ফোরণের সঙ্গে অবৈধ বিস্ফোরক তৈরির সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে।

ওসি আরও জানান, গত কয়েকদিন ধরে এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ আগেই এলাকাটি নজরদারিতে রেখেছিল। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং নিহতের ভূমিকা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়