Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / বিয়ের কথা বলে 'ডিভোর্সি' নারীকে নিয়ে তরমুজ ক্ষেতে অতঃপর - Chief TV

বিয়ের কথা বলে 'ডিভোর্সি' নারীকে নিয়ে তরমুজ ক্ষেতে অতঃপর - Chief TV

2026-03-12  ডেস্ক রিপোর্ট  181 views
বিয়ের কথা বলে 'ডিভোর্সি' নারীকে নিয়ে তরমুজ ক্ষেতে অতঃপর - Chief TV

নোয়াখালীর হাতিয়ায় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) রাতে তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেত পাহারা দেওয়ার টংঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী। তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই নারী তার পরিচিত এক ব্যক্তিকে তার বিয়ের জন্য পাত্র ঠিক করে দিতে বললে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে যোগাযোগ করলে ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেন এবং জানান তাকে খালার বাসায় নিয়ে যাবে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে ওই নারীকে নিয়ে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেত পাহারা দেওয়ার টংঘরে নিয়ে যান। পরে সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন। তবে বাকি দুজনের পরিচয় তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


Share: