নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের মাত্র চার ফুট দূরে পুকুর খননের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে এক একর জমিতে খননকাজ চালানো হচ্ছে এবং খনন করা মাটি ইটভাটায় নেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে এই খননকাজ চলছে। এতে ট্রাক্টর ও এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। খননের গভীরতা ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত হতে পারে বলে জানা গেছে, যা ছোট শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।
মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব জানান, শিক্ষকরা খননকাজ বন্ধ করতে অনুরোধ করলেও তা মানা হয়নি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। অভিভাবকরাও দ্রুত খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, জমিটি উচ্চ বিদ্যালয়ের এবং প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে পুকুর খনন করা হচ্ছে। তবে অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদন করতে বলেছেন।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, অভিযোগ পাওয়ার পরই পুকুর খনন কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।