২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন চূড়ান্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসনিক বিভিন্ন কারণ দেখিয়ে এবার ঢাকা বোর্ডের আওতায় ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। এর ফলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি। এর মধ্যে দেশের বাইরে অবস্থিত ৭টি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে ৫ জানুয়ারি জারি করা এক পৃথক নির্দেশনায় জানানো হয়েছিল, প্রশাসনিক জটিলতা এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে ২০২৬ সাল থেকে কিছু এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮), রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ (শিবালয়-২), জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।
এছাড়াও করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় (নগরকান্দা-২), কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন (ডামুড্যা-২), রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০) কেন্দ্রও বাতিলের তালিকায় রয়েছে।
বালিয়াকান্দি-২ কেন্দ্রের আওতাধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় সেটিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমির পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে চারটি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাতিল হওয়া কেন্দ্রগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, বিদ্যালয় পরিদর্শক, বোর্ডের কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।