Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / বিশ্ববিদ্যালয়ের নবীনবরণের অনুষ্ঠানে সিগারেট কিনলে লাইটার ফ্রি! - Chief TV

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণের অনুষ্ঠানে সিগারেট কিনলে লাইটার ফ্রি! - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  151 views
বিশ্ববিদ্যালয়ের নবীনবরণের অনুষ্ঠানে সিগারেট কিনলে লাইটার ফ্রি! - Chief TV

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে সিগারেট বিক্রি ও ফ্রি লাইটার বিতরণের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কনসার্ট অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্টস্থলের পাশে বড় পরিসরে ‘স্মোক জোন’ তৈরি করে সেখানে বুথ বসানো হয়। ওই বুথে সিগারেট কিনলে বিনামূল্যে লাইটার দেওয়া হচ্ছিল। কনসার্টটির স্পন্সর ছিল ‘রিয়াল ডায়মন্ড’ নামের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান।

ক্যাম্পাসে প্রকাশ্যে সিগারেট বিক্রি ও প্রচারের বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি, এটি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩)-এর স্পষ্ট লঙ্ঘন।

আইনের ৫(খ) ধারায় তামাকজাত দ্রব্য কিনতে প্রলুব্ধ করতে বিনামূল্যে কিছু বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ৫(গ) ধারায় বিজ্ঞাপন বা ব্যবহার উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো অনুষ্ঠান স্পন্সর করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ রয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে।

মাদকবিরোধী আন্দোলনে যুক্ত সাংস্কৃতিক সংগঠক শুভংকর চক্রবর্ত্তী জানান, আইনের ৬(খ) ধারা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির সঙ্গে তামাক কোম্পানির স্পন্সরশিপ সম্পূর্ণ সাংঘর্ষিক। তাদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রতিষ্ঠানের অংশগ্রহণ নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং শিক্ষার্থীদের জন্য নেতিবাচক বার্তা বহন করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বুথে গিয়ে সিগারেট বিক্রির অনুমতি সম্পর্কে জানতে চান। সেখানে থাকা বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রক্টরের অনুমতিতেই বুথ স্থাপন করা হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে বুথটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ইলিয়াস হোসেন বলেন, স্পন্সর নির্বাচনের বিষয়টি ওরিয়েন্টেশন কমিটির আওতায় পড়ে। তবে ক্যাম্পাসে মাদকবিরোধী কার্যক্রম জোরদার থাকবে।

ওরিয়েন্টেশন কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।


Share: