আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ফরিদপুরের দুটি আসনে দলের প্রয়াত দুই নেতার মেয়েরা বাবার উত্তরসূরি হিসেবে মনোনয়ন পেয়েছেন।
তারা হলেন—
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ,
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে বিএনপির সাবেক মহাসচিব ও উপমন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এবার সেই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তার মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বর্তমানে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফরিদপুরসহ আশপাশের জেলায় মহিলা দল ও বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন নায়াব ইউসুফ।
অন্যদিকে, ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে তিনবারের সংসদ সদস্য ছিলেন বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান। তার মৃত্যুর পর রাজনীতির মাঠে বাবার উত্তরসূরি হিসেবে হাল ধরেন তার মেয়ে শামা ওবায়েদ। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ফরিদপুর-২ আসনে বিএনপি নতুনভাবে সংগঠিত হয়েছে।
এবার বাবার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন শামা ওবায়েদ।