প'র্নোগ্রা'ফি মামলায় গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড শেষে আজিম ও বৃষ্টিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান, তাদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে গত ২০ অক্টোবর ভোরে, সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC) ও এলআইসি ইউনিট যৌথ অভিযানে বান্দরবানের হাজীপাড়া এলাকার বালাঘাটা থেকে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় মোবাইল ফোন, ক্যামেরা, সিমকার্ড, ট্রাইপডসহ প'র্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরদিন ২১ অক্টোবর, আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, দম্পতিটি একাধিক আন্তর্জাতিক প'র্নোগ্রা'ফি ওয়েবসাইটে নিজেদের তৈরি ভিডিও প্রকাশ করতো। একই সঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে অন্যদেরও এতে সম্পৃক্ত হতে উৎসাহিত করতো।
২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক এক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশের পর এক বছরে ১১২টিরও বেশি ভিডিও প্রকাশিত হয়, যা ২ কোটি ৬৭ লাখের বেশি বার দেখা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।