Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / ও আমার বউ নিয়ে গেছে, আমি ওর বউ নিয়ে এসেছি : মির্জাপুরে অদ্ভুত প্রতিশোধ - Chief TV

ও আমার বউ নিয়ে গেছে, আমি ওর বউ নিয়ে এসেছি : মির্জাপুরে অদ্ভুত প্রতিশোধ - Chief TV

2026-06-08  ডেস্ক রিপোর্ট  24 views
ও আমার বউ নিয়ে গেছে, আমি ওর বউ নিয়ে এসেছি : মির্জাপুরে অদ্ভুত প্রতিশোধ - Chief TV
স্ত্রীর পরকীয়া ও ঘর ছাড়ার প্রতিশোধ নিতে এক অভিনব পথ বেছে নিলেন স্বামী। নিজের স্ত্রী যার হাত ধরে পালিয়েছেন, ঠিক তারই স্ত্রীকে বিয়ে করে ঘরে তুলেছেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে ঘটে যাওয়া এমন এক চাঞ্চল্যকর ঘটনা এখন পুরো এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। স্থানীয় বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সদস্য শাজাহান সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া গ্রামের হাসান মিয়া ১৫ বছর আগে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি হাসানের বাড়ির পাশে একটি সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া।
 
প্রতিবেশী হওয়ার সুবাদে হাসানের পরিবারের সঙ্গে রাজুর ঘনিষ্ঠতা তৈরি হয়, যা একপর্যায়ে রাজু ও হাসানের স্ত্রী জহুরার মধ্যে পরকীয়া সম্পর্কে রূপ নেয়। গত ৭ মে হাসানকে ছেড়ে রাজুর হাত ধরে পালিয়ে যান জহুরা। এই ঘটনায় চরম ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন হাসান।

পরকীয়ার এই চরম আঘাত সহ্য করতে না পেরে হাসান প্রতিশোধ নেওয়ার অভিনব পরিকল্পনা করেন। তিনি সাতক্ষীরায় অবস্থানরত রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। নিজেদের জীবনের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনার একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
 
এরই ধারাবাহিকতায় গত ৪ জুন রাজুর স্ত্রীকে তাঁর তিন বছরের সন্তানসহ সাতক্ষীরা থেকে মির্জাপুরে নিয়ে আসেন হাসান এবং পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এই অদ্ভুত প্রতিশোধ প্রসঙ্গে হাসান মিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের উপযুক্ত শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।’ এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু মিয়ার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
মির্জাপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানিয়েছেন, এই ব্যতিক্রমী ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ আসেনি।

Share: