চট্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হলেও এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ জুলাই) চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বন্যাকবলিত মানুষের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে।
তিনি জানান, মেডিকেল টিমগুলো বন্যাদুর্গত এলাকায় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাতে চলাচলের সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে পরীক্ষা করে নেওয়া এবং সাপে কামড়ানোর পর কোনো ধরনের কুসংস্কারে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।