Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / অনিয়ম-বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবির প্যানেলের মধ্যে- Chief TV

অনিয়ম-বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবির প্যানেলের মধ্যে- Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  131 views
অনিয়ম-বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবির প্যানেলের মধ্যে- Chief TV

দীর্ঘদিন পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণের দিনই অনিয়ম, বৈষম্য ও বিশৃঙ্খলার অভিযোগে মুখর হয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুটি প্যানেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোট চলাকালে আলাদা সংবাদ সম্মেলনে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের প্রতিনিধিরা ব্যালট নম্বরের টোকেন নিয়ে সরাসরি ভোটকেন্দ্রের বুথে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, শহীদ সাজিদ ভবন কেন্দ্রে শুরু থেকেই একটি প্যানেলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রথমে নির্বাচন কমিশন বিষয়টি অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর সব প্যানেলের জন্য টোকেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে শুরুতে তাদের প্যানেলকে এ সুযোগ না দেওয়ায় নির্বাচনে বৈষম্য হয়েছে বলে দাবি করেন তিনি। রাকিবের মতে, এতে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে একই ভবনের নিচতলায় আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

তার দাবি, সকাল থেকেই মূল ফটকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। পদার্থবিজ্ঞান বিভাগে ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের নির্দিষ্ট প্যানেলে ভোট দিতে চাপ দিচ্ছেন এবং নারী ভোটারদের কাছ থেকে তাদের প্যানেলের ভোটার চিরকুট ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়া দর্শন ও ইংরেজি বিভাগে তাদের পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ভোট গণনার সময় বহিরাগতদের দ্বারা বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কাও প্রকাশ করেন রিয়াজুল ইসলাম।

এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট ও প্রমাণসহ অভিযোগ পেলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, ভোটগ্রহণ এখন পর্যন্ত সামগ্রিকভাবে শান্তিপূর্ণ রয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া জকসু নির্বাচন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশের কথা রয়েছে।


Share: