নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে সড়কে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদের নেতৃত্বে আফরোজা খাতুন, দোলেনা খানম, শম্পা রানীসহ অন্যান্য পরীক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগ রয়েছে। এর ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। নিয়োগ পরীক্ষায় সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা নাগরিকদের সাংবিধানিক অধিকার হলেও গত শুক্রবারের পরীক্ষায় তা লঙ্ঘিত হয়েছে। তাই অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।
পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিগুলো হলো—
১. নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নিতে হবে।
২. সকল চাকরি পরীক্ষা ঢাকায় আয়োজন করতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন করতে হবে।
৩. একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার তত্ত্বাবধানে সকল নিয়োগ পরীক্ষা পরিচালনা করতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা গ্রহণ করা যাবে না।
৪. যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বে প্রশ্নফাঁসের রেকর্ড রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব দেওয়া যাবে না।
৫. কোনো কারণে প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণিত হলে, এর সঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
এর আগে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা শহরের দয়ালের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুক্তির মোড়ে এসে মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ মোট ১৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।