Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / নেত্রকোনায় পাসপোর্ট করতে আসা সন্দেহভাজন রোহিঙ্গা যুবক আটক - Chief TV

নেত্রকোনায় পাসপোর্ট করতে আসা সন্দেহভাজন রোহিঙ্গা যুবক আটক - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  30 views
নেত্রকোনায় পাসপোর্ট করতে আসা সন্দেহভাজন রোহিঙ্গা যুবক আটক - Chief TV
নেত্রকোনা পৌরশহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে মো. কারিম নামের এক সন্দেহভাজন রোহিঙ্গা যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক যুবকের কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনা আসার একটি বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া পরিবার ও ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জন্মনিবন্ধন এবং পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে তিনি নেত্রকোনায় এসেছিলেন।
 
পরবর্তীতে ওই পাসপোর্ট ব্যবহার করে তার সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে আটক কারিম পুলিশের কাছে দাবি করেছেন, নিজের শিকড় ও আত্মীয়-স্বজনদের খুঁজে বের করার আশায় তিনি নেত্রকোনায় এসেছেন এবং তার মা সৌদি আরবে মারা গেছেন।
 
নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানিয়েছেন, আটক যুবক নিজেকে কক্সবাজারের উখিয়ার বাসিন্দা দাবি করলেও তার কথাবার্তা ও চলাফেরা সন্দেহজনক। ধারণা করা হচ্ছে তিনি মূলত রোহিঙ্গা নাগরিক, বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: