ব্যাপক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জামালপুর–১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান এবং ছাত্র আন্দোলনের সহ-সভাপতি হুসাইন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আরিফ খান রাসেল, সেক্রেটারি এইচ. এম. ইলিয়াস উদ্দিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নীতি ও নেতৃত্ব ভালো না হলে দেশের কল্যাণ সম্ভব নয়। তিনি জামালপুর–১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদারকে একজন সৎ ও ভালো মানুষ উল্লেখ করে বলেন, তিনি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান। হাতপাখা প্রতীকে তাকে নির্বাচিত করা গেলে এ এলাকার শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।
এ সময় বিশাল জনসমাবেশের সামনে আব্দুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে তার বিজয়ের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল।