Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ২৯২ আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে আছেন যারা - Chief TV

২৯২ আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে আছেন যারা - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  161 views
২৯২ আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে আছেন যারা - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এসব প্রার্থীর মধ্যে রয়েছেন ৮৫ জন সাবেক সংসদ সদস্য, ১৯ জন সাবেক মন্ত্রী এবং ১০ জন নারী। পাশাপাশি গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার থেকেও পাঁচজন প্রার্থী রয়েছেন।

সোমবার গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, ঘোষিত প্রার্থীদের বড় একটি অংশ আগে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ২৩৭ জন প্রার্থী ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী। সাবেক মন্ত্রীদের প্রশাসনিক অভিজ্ঞতা এবং প্রার্থীদের সামাজিক সম্পৃক্ততা বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নারী প্রার্থী প্রসঙ্গে মাহ্দী আমিন জানান, এবার বিএনপি সর্বোচ্চ সংখ্যক ১০ জন নারী প্রার্থী দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে দলের অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

গুম-নির্যাতনের শিকারদের পরিবারের প্রতিনিধিত্ব

সংবাদ সম্মেলনে জানানো হয়, অতীতের স্বৈরাচারী শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। ফলে এবারের মনোনীত প্রার্থীদের মধ্যে অনেকেই হামলা-মামলা, গুম ও নির্যাতনের ভুক্তভোগী।

মাহ্দী আমিন বলেন, গুমের শিকার তিনজন প্রার্থী হলেন সালাউদ্দিন আহমদ, আনিসুর রহমান তালুকদার খোকন ও হুম্মাম কাদের চৌধুরী। পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের পরিবার থেকেও দুইজন প্রার্থী হয়েছেন। তিনি দাবি করেন, অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে, কারও কারও বিরুদ্ধে শতাধিক মামলাও রয়েছে।

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ

একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ধর্মীয় আবেগ ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ তুলে মাহ্দী আমিন বলেন, সামাজিক মাধ্যমে এমন বক্তব্য ছড়ানো হচ্ছে যা নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড আইনবিরোধী এবং নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এনআইডি ও মোবাইল তথ্য সংগ্রহ নিয়েও উদ্বেগ

একটি দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করে বিএনপি। মাহ্দী আমিন আশঙ্কা প্রকাশ করেন, এসব তথ্য ব্যবহার করে ভুয়া ভোট কিংবা আর্থিক প্রলোভনের চেষ্টা হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভোটকেন্দ্রে আনসার–ভিডিপি নিয়োগ নিয়ে আপত্তি

ভোটকেন্দ্রে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য নিয়োগের বিষয়ে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে উল্লেখ করে বিএনপি দাবি জানায়, এসব সদস্যকে নিজ এলাকার বাইরে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা হোক।

আন্তর্জাতিক অবস্থান প্রসঙ্গে বিএনপির বক্তব্য

মাহ্দী আমিন বলেন, বিএনপি মনে করে প্রতিটি দেশের অভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তারেক রহমানের সফরে জনসমাগম

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক জেলা সফরগুলোতে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে জনসভায় বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, এসব কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং শৃঙ্খলাও বজায় ছিল। তারেক রহমান তার বক্তব্যে তরুণ, কর্মহীন মানুষ, নারী, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

মওদুদ আলমগীর পাভেল আরও জানান, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। পরবর্তী দুই দিনে বিভিন্ন জেলায় পথসভা ও জনসভায় বক্তব্য দেন তিনি। এসব কর্মসূচিতে পাওয়া সমর্থনের জন্য সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান।


Share: